রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ১১:২৯ এএম
রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান (১৮) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৫টা ৪২ মিনিটে নগরীর সেন্ট্রাল রোডস্থ হোটেল নর্থভিউয়ের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত নুজসাত জাহান নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতো।

নুজসাতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে ডিবি পুলিশসহ সিআইডির টিম কাজ করছে। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার বিকেলে নুজসাত একাই নর্থভিউ হোটেলে আসে। সে লিফটে করে সোজা ছাদে চলে যায়। নর্থভিউয়ের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত জাহান হোটেলের ছাদে উঠে এবং রাস্তার বিপরীত দিকে মুখে করে একাই রেলিংয়ের ছাদে বসে থাকে।

তিনি আরও বলেন, উল্টোভাবে রেলিংয়ে বসে থাকা অবস্থায় নুজসাত নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় করে। ঘটনাস্থল ডিবি কার্যালয়ের বিপরীত পাশে হওয়ায় পুলিশ তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয়। ঘন্টাখানেক পর একটি অ্যাম্বুলেন্সে করে রাস্তার বিপরীত দিকে থাকা ডিবি কার্যালয়ে লাশটি নিয়ে যায় পুলিশ।

উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, কেন নুজসাত জাহান ছাদে গিয়েছিল, তার মৃত্যুর ঘটনার সাথে কোন অপরাধ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনেছি সে হোটেলে যায়নি। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে।

লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নুজসাতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কোন তথ্য পাওয়া যেতে পারে বলেও জানান পিলিশের এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে