হরিজন পল্লীর শিশুদের মাঝে মিষ্টি-চকোলেট বিতরণ ইউএনও মাহবুব হাসানের

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ২ জুন, ২০২৬, ০১:৩৮ পিএম
হরিজন পল্লীর শিশুদের মাঝে মিষ্টি-চকোলেট বিতরণ ইউএনও মাহবুব হাসানের

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাহবুব হাসান হরিজন পল্লী পরিদর্শন করে বাসিন্দাদের খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা ও সমাধানের আশ্বাস প্রদান করেন।

সোমবার (১ জুন) উপজেলার হরিজন পল্লীতে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে ইউএনও মাহবুব হাসান হরিজন পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনমান উন্নয়নে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

এ সময় তিনি হরিজন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ বিষয়ে খোঁজখবর নেন। শিশুদের প্রতি স্নেহ ও উৎসাহ প্রদর্শনের অংশ হিসেবে তাদের মাঝে চকোলেট ও মিষ্টি বিতরণ করেন। শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠার পাশাপাশি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

ইউএনও মাহবুব হাসান বলেন, “সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। কোনো নাগরিক যেন উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট।”

উপজেলা প্রশাসন ও ভূঞাপুর পৌরসভা জানিয়েছে, সকল নাগরিকের কল্যাণ, সমঅধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে