গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার করে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমত টেক্সটাইলের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের পালকপুত্র কাজী সাব্বির হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে সফিপুর এলাকায় একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা চালক ও যাত্রীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাদের প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক দেলোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত অপরাধী তাদের বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।