চাঁদপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কতৃক "শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন,২০২৬) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও পরিচালক মো. শাহআলম, যুগ্ম সচিব এবং উপ প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জাতীয় পর্যায়ের বিটিভির নিয়মিত জনপ্রিয় শিল্পী কিশোর, পিয়াংকা, অনন্যা ও আশিক বিভিন্ন গান পরিবেশন করে।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, চাঁদপুরের প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অংশীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,
'সবাই মিলে একসাথে কাজ করলে 'সবার আগে বাংলাদেশ' বাস্তবায়ন হবে।আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত মানেই প্রধানমন্ত্রী তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ তৈরির যে প্রত্যয় তার বাস্তবতা। এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, বহিরাঙ্গনের যেসব বিষয় নিয়ে আয়োজিত হয়েছে তার বেশিরভাগ নিজেরাই বাস্তবায়নযোগ্য। এরমধ্যে মাদক চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা, যৌতুক বন্ধসহ ৩/৪ টি বিষয় সরকার এবং প্রশাসনের সমন্বয়ে পালন করতে হবে।
মাদক চোরাচালানে বিষয়ে নারী ও শিশুদের সম্পৃক্তা এবং যৌতুক বন্ধ বিষয়ে সংসদ সদস্য আরো বলেন, যেহেতু আমাদের বেশ কিছু এলাকাজুড়ে দারিদ্রতার হার বেশি সেহেতু এ ধরণে অপসংস্কৃতি এখানে চালু ছিলো। তবে ইতিমধ্যেআমরা জেলা প্রশাসনের সমন্বয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। পাশাপাশি যৌতুক বন্ধেও আমরা কার্যক্রম অব্যাহত রয়েছে। যেখানে যেখানে এসব কাজ কার্যক্রম হতে পারে সেসব জায়গা আমরা কিছুটা চিহ্নিত করতে পেরেছি এবং কার্যক্রম শুরু করেছি। তবে সবার আমাদের নিজেদের সচেতন হতে। সকলের সহযোগিতায় আমরা এধরনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারবো।