দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই দেশের সমান নাগরিক

মসজিদ যেমন উন্নত হবে, তেমনি একটি মন্দিরও উন্নত হবে: প্রতিমন্ত্রী

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৬:১৬ পিএম
মসজিদ যেমন উন্নত হবে, তেমনি একটি মন্দিরও উন্নত হবে: প্রতিমন্ত্রী

“দেশে কোনো সংখ্যালঘু নেই। আমরা সবাই এ দেশের সমান নাগরিক। একটি মসজিদ যেমন উন্নত হবে, তেমনি একটি মন্দিরও উন্নত হবে। মসজিদের ইমামদের জন্য যেমন বেতন-ভাতার ব্যবস্থা করা হয়, তেমনি মন্দিরের পুরোহিতদের জন্যও বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। মসজিদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হয়, তেমনি মন্দিরের নিরাপত্তাও জোরদার করা হবে।”

শুক্রবার রাতে নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালী মন্দির ও ধুপইল মন্দিরে আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়েই একটি উন্নত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনাদের সন্তানদের প্রতি বিশেষ যত্ন নেবেন। তারা যেন কোনোভাবে বিপথগামী না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আগামী প্রজন্মকে সুশিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের সুখে-দুঃখে আমি পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তরা মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে অংশ নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, মন্দির কমিটির সভাপতি  সম্পাদক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে