রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৬:৫২ পিএম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫
রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- বাঘা উপজেলার ভানুকর মীরগঞ্জ এলাকার মোশারফ হোসেন (৪২), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার আকবর আলী (৩২), ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার সাকিব ওরফে অন্তর (২৬), দাশপুকুর আলীর মোড় এলাকার সিফাত হোসেন ওরফে কাউসার (২৪) এবং দাশপুকুর এলাকার নাসির উদ্দীন (৩৫)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযানে মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫৫টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৩৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই রাতে রাত ৯টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে আকবর, সাকিব, সিফাত ও নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত চারটি কাঁচি ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মোশারফের বিরুদ্ধে পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া সাকিব ও সিফাতের বিরুদ্ধে একটি করে মাদক মামলা এবং নাসিরের বিরুদ্ধে পেনাল কোড ও জুয়া আইনের দুটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে