চাঁদপুরের হাইমচরের নীলকমলের সাহেবগঞ্জ এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৩টি ড্রেজার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার(৬ জুন,২০২৬) বিকালে এ তথ্য জানান হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
স্থানীয়রা জানান, হাইমচর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা মেম্বারের ছেলে মোহাম্মদ আশরাফুল আলম(৩৮) ওরফে বেঙ্গল নীলকমলের সাহেবগঞ্জ বাজার স্থানে মেঘনা নদীর তলদেশ হতে পাম্পের মাধ্যমে দলবল নিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। তিনি হাইমচরের মধ্যচর ভাঙ্গার বাসিন্দা। আর এমন খবরে উপজেলা নির্বাহী অফিসার তার টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পায় এবং ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারার অপরাধে ১৫(১) ধারা মোতাবেক মোহাম্মদ আশরাফুল আলম বেঙ্গলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা আরও জানান, একই ভ্রাম্যমাণ আদালতে আশরাফুলের দুই সহযোগী সাহেবগঞ্জের মাঝেরচরের বাসিন্দা কুদ্দুস আলী (৩২) ও মোহাম্মদ আক্কাস ফকির (৪৫) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এতে করে স্থানীয় পর্যায়ে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়েছে বলে প্রকাশ পেয়েছে। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চাঁদপুরের হাইমচরের ইউএনও অমিত রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জে গিয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে আশরাফুল আলমসহ আরও ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেই। একই সাথে ঘটনাস্থলে পাওয়া তাদের তিনটি পাম্প জব্দ করে নীলকমন ইউনিয়ন পরিষদ সচিবের জিম্মায় দেয়া হয়েছে। নদীতে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।