বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জন জেলের মাঝে ৪টি করে মোট ৮০টি ছাগল, ছাগলের খাদ্য ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য এসব সহায়তা প্রদান করা হয়। এসময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে উপকারভোগী জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, নদী ও জলাশয়ে মাছের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ থাকায় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়েন। তাদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উপকারভোগী জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাগল পালন তাদের পরিবারের অতিরিক্ত আয়ের উৎস তৈরি করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিবন্ধিত মৎস্যজীবীদের টেকসই জীবিকা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।