অভয়নগরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৫:০২ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৫:০২ পিএম
অভয়নগরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

যশোরের অভয়নগরে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কর্মশালা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।   ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের যশোর জেলা ব্যবস্থাপক অ্যাড. মহিতোষ কুমার রায় ও প্রকল্পের অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত এবং সহজে নিষ্পত্তি করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রকল্পের অভয়নগর উপজেলা সমন্বয়কারী সোনিয়া দে জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত অভয়নগরে গ্রাম আদালতে মোট ৭২৯টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদে দায়ের হয়েছে ৬৯৭টি এবং জেলা আদালত থেকে প্রেরিত মামলা ৩২টি। দেওয়ানী মামলা ৪৭৫টি ও ফৌজদারী মামলা ২২৭টি। এছাড়া গ্রাম আদালতে সমাধান হয়েছে ৭৩৬টি মামলা। নিষ্পত্তি ৬৩৪টি এবং বাতিল খারিজ মামলা ১০২টি। নিষ্পত্তিকৃত মামলার মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৬২৪টি। গ্রাম আদালতের মাধ্যমে মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ২৫০ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে