গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতিসন্তান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে কর্মরত ছিলেন।
৭ জুন রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। পরীক্ষা পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি শিক্ষা অঙ্গনে পরিচিত মুখ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন পাবলিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি কাপাসিয়া উপজেলা সদরের রায়নন্দা গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত আব্দুল কবিরের পুত্র। মাতার নাম আনেছা খাতুন।
পারিবারিক ভাবে তারা ৪ ভাই ও এক বোন। তিনি কাপাসিয়ার স্থানীয় রাওনাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮৪ সালে এসএসসি এবং কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাশ করেন। তিনি জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকাস্থ গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। গত বছরের ১৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন তিনি। পরে চেয়ারম্যানের পদ খালি হলে ওই পদের রুটিন দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে দীর্ঘ নয় বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ইতিপূর্বে পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপাধ্যক্ষ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক, ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রভাষক ও নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিসিএস শিক্ষা ক্যাডারে উর্ত্তীণ হয়ে প্রথমত অধ্যাপনা জীবন শুরু করেন। তিনি ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী খায়রুন্নেছা স্থানীয় দেইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলে নাহিয়ান মুনসীফ অভি বিসিএস প্রশাসন ক্যাডারে ৪০তম ব্যাচে যোগদান করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত রয়েছেন। কন্যা রাফিয়া রেহনুমা হৃদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কুয়েত মৈত্রী হলের ভিপি। তার এ সাফল্যে এলাকাবাসী, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।