গজারিয়ায়

মেঘনা নদীতে ভেসে উঠলো অজ্ঞাত পুরুষের মরদেহ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৭:১৪ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৭:১৪ পিএম
মেঘনা নদীতে ভেসে উঠলো অজ্ঞাত পুরুষের মরদেহ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া কোস্টগার্ড ভবনের সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ জানায়, দুপুরে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটির শরীরের বেশ কিছু অংশ পচে গেছে। শারীরিক গঠন ও অবয়ব দেখে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর হতে পারে। গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে