রাউজানে কিস্তির টাকা ছিনতাইয়ের সময় যুবক আটক

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৭:৩০ পিএম
রাউজানে কিস্তির টাকা ছিনতাইয়ের সময় যুবক আটক

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে কিস্তির টাকা সংগ্রহ করতে আসা এক নারী কর্মির  কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি শর্টগান ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে নিশান বড়ুয়া নামে এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘেরাও করেন। পরে অভিযুক্ত নিশান বড়ুয়াকে আটক করা হয়। আটককৃত নিশান বড়ুয়ার বাড়ি রাউজান উপজেলার পূর্ব গুজরার নতুন বাজার এলাকায় বলে জানা গেছে। তার কাছ থেকে একটি শর্টগান ও ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিএনপি নেতা ইউসুফ তালুকদার বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাটি ঘিরে ফেলি। স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। পরে উদ্ধার হওয়া নগদ টাকা ও অস্ত্রসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পরে আটক নিশান বড়ুয়াকে উদ্ধারকৃত অস্ত্র ও নগদ টাকাসহ রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা নুরুন্নবী বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করি। পরে উদ্ধার হওয়া টাকা ও অস্ত্রসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, “অভিযুক্তকে অস্ত্র ও নগদ টাকাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আপনার জেলার সংবাদ পড়তে