কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ জুন, ২০২৬, ০৩:৩৩ পিএম
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার কলারোয়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো মাননীয় প্রধানমন্ত্রীর প্রাধিকার প্রকল্প ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি। কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনায় ও কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ১৭ জুন (বুধবার) সকালে বিদ্যালয়ের মাঠে এই অভিনব ও অনুপ্রেরণামূলক ফলজ বৃক্ষের চারা রোপণ কর্মসূচি সম্পন্ন হয়। বিদ্যালয়ের মোট ৫৬৬ জন শিক্ষার্থী এই মহতী কর্মসূচিতে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নেয়। ক্ষুদে এই প্রকৃতিপ্রেমীদের সুশৃঙ্খল অংশগ্রহণ বড়দের জন্যও এক বিশাল বার্তা নিয়ে এসেছে-পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা আমাদের সবার। এবারের কর্মসূচির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- “আমার গাছ, আমার প্রাণ”এবং এর পাশাপাশি প্রতিটি শিশুর মনে মালিকানাবোধ ও দায়িত্বশীলতা তৈরিতে উদ্বুদ্ধকরণ বার্তা হিসেবে যুক্ত হয়েছে “এই গাছটি আমার”। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং তাদের গাছ লাগাতে উৎসাহিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে ব্যানার ও ফেস্টুনে স্লোগান দেওয়া হয়েছে- “স্কুলে অথবা বাড়িতে প্রতিটি শিশু ১ টি করে করবে বৃক্ষরোপণ আনন্দে”। শুধু গাছ রোপণ করেই ক্ষান্ত হয়নি এই খুদে শিক্ষার্থীরা, বরং চারা রোপণের পর তা টিকিয়ে রাখার জন্য নিয়মিত যত্ন নিশ্চিত করার শপথও নিয়েছে তারা। তাদের এই আগ্রহকে স্থায়ী রূপ দিতে প্রতিটি গাছের সাথে শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল এবং রোপণ করা গাছের জাত ও তারিখ সম্বলিত আকর্ষণীয় পরিচয়পত্র বা প্ল্যাকার্ড ইতিমধ্যে তৈরি করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উল্লেখযোগ্য চারা রোপণকারীদের মধ্যে ৩য় শ্রেণির রোল ১ মোছাঃ মারিয়াম তাবাসসুম একটি হিমসাগর আম গাছ, ১ম শ্রেণির রোল ১ রাইসা সুলতানা একটি লিচু গাছ, ২য় শ্রেণির রোল ১ রাইসা আহম্মেদ একটি কাঁঠাল গাছ, ৫মা শ্রেণির রোল ১ সাবিহা ইসলাম একটি কামরাঙা গাছ এবং ৪থ শ্রেণির রোল ১ আমিনা সিদ্দীকা একটি গাব গাছের চারা রোপণ করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান ও কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণে অথবা নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে। শিশুরা যাতে আনন্দের সাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়, সে  শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এই অভূতপূর্ব আগ্রহ ও নিষ্ঠা দেখে এটি স্পষ্ট যে, নতুন প্রজন্ম পরিবেশ ও গাছপালার গুরুত্ব অত্যন্ত গভীরভাবে অনুধাবন করতে শুরু করেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং শিক্ষাবিদরা মনে করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী প্রাধিকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কলারোয়া উপজেলা তথা সমগ্র দেশে সবুজায়নের এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে। এটি শুধু একদিনের কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং শিশুদের মনে আজীবন প্রকৃতিপ্রেম জাগ্রত রাখার এবং জলবায়ু পরিবর্তন রোধে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার এক দীর্ঘমেয়াদী টেকসই পদক্ষেপ। আগামী দিনের এই পথচলায় আয়োজক ও শিক্ষার্থীরা সবার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে