সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল এবং তাকে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ, জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেটের সর্বস্তরের জনগণ ও সিলেট কল্যাণ সংস্থা’র ব্যানারে আলাদা এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা দাবি করেন, সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত জনমতের প্রতিফলন নয়। তারা অভিযোগ করেন, একটি অশুভ মহলের প্রভাবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে সারওয়ার আলম জনস্বার্থে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে তার হঠাৎ প্রত্যাহারে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, সারওয়ার আলমের নেতৃত্বে সিলেটে বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ এখনও চলমান রয়েছে। এসব কাজ সফলভাবে সম্পন্ন করতে তাকে অন্তত আরও এক বছর দায়িত্বে বহাল রাখার সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী এবং সিলেটের দায়িত্বশীল মন্ত্রীদের প্রতি বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় যান। সেখানে তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে দুপুর সোয়া ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা। এর আগে রোববার (২১ জুন) বিকেলেও একই দাবিতে নগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানেও বক্তারা সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন, এমনকি হরতালের মতো কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার সারওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
সাম্প্রতিক সময়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগকে কেন্দ্র করে সারওয়ার আলম ব্যাপক আলোচনায় আসেন। বিশেষ করে মাজারের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করার সিদ্ধান্ত বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এছাড়া পাথর লুটের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং ট্রেনের টিকিট কালোবাজারি রোধে পদক্ষেপ গ্রহণের কারণে তিনি সিলেটসহ দেশব্যাপী আলোচিত ও প্রশংসিত হন। এদিকে তার প্রত্যাহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের একটি অংশ তার পুনর্বহালের দাবি জানালেও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো নতুন সিদ্ধান্তের ঘোষণা আসেনি।