ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমিতে নির্মাণ করা টিনশেড ও সেমিপাকা দোকানঘরসহ বসতঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে গোকর্ণ ইউনিয়নের নুরপুর এলাকায় খাস জায়গায় নির্মাণকৃত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার নূরপুর মৌজায় ১ নং খাস খতিয়ানভূক্ত ১৬৭ শতক ভূমিতে টিনশেডের দোকান ও সেমিপাকা দোকান ঘরসহ বসতঘর নির্মাণ করা হয়। স্থানীয় রাস্তা ও খাল শ্রেণির জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের নিমিত্ত মামলা নং ১২/২০২৫ এর রায়ের আলোকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমদের নেতৃত্বে ও নাসিরনগর থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৮ টি অবৈধ স্থাপনা টিনশেডের দোকান ও সেমিপাকা বসত ঘর উচ্ছেদ করা হয়।
সহকারি কমিশনার ভূমি সাহেল আহমদ উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার নূরপুর মৌজায় ১ নং খাস খতিয়ানভূক্ত উচ্ছেদ মামলা নং ১২/২০২৫ এর রায় বাস্তবায়নে ১৬৭ শতক খাল শ্রেণি ভূমি থেকে ১৮ টি টিনশেড ও সেমিপাকা বসতঘরসহ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।