সেনবাগে নেশার টাকা না পেয়ে মাশরাফি নামের ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রকে দলবদ্ধভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। মারধর শেষে হামলার ভিডিওটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বর্তমানে এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার মাশরাফি ছিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। সে উত্তর গোরকাটা গ্রামের নাদুমিয়া বাড়ির সৌদি প্রবাসী নুরুল আজমের পুত্র। মাশরাফির খালাতো ভাই ইয়াকুব হোসেন বাবু জানান, গতকাল সন্ধ্যায় মাশরাফি প্রাইভেট শেষ করে নিজ গ্রাম উত্তর গোরকাটার উদ্দেশ্যে রওনা হয়। পথে কাদরা ফরিদ মেম্বার বাড়ী সংলগ্ন রাস্তায় পৌঁছালে একদল বখাটে কিশোর গ্যাং তার পথরোধ করে নেশার জন্য টাকা দাবি করে। মাশরাফি টাকা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা অতর্কিত ভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং দলবদ্ধভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। লোকলজ্জার ভয়ে আহত মাশরাফি প্রথমে পরিবারকে সড়ক দুর্ঘটনার (এক্সিডেন্ট) কথা জানালেও, পরবর্তীতে বখাটেদের ছড়িয়ে দেওয়া নির্মম নির্যাতনের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা আসল সত্য জানতে পারেন।
জানা গেছে, এই কিশোর গ্যাংয়ের ২/৩ জনের বাড়ি কাদরা ফরিদ মেম্বার বাড়ি এবং বাকিরা আশেপাশের এলাকার। এই চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনায় সেনবাগ থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার।