নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক্টরকে মালবাহী ট্রেন ধাক্কা দিলে ঘটনা স্থানেই টুাক্টর চালক নিহত হন। এ দুর্ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৫ জুন সৈয়দপুর উপজেলার বাংগালীপুর ইউনিয়নের ভুজারীপাড়া ও হাজী পাড়া এলাকার মধ্যবর্তী স্থানে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ইট বহন করে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি মালবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মারা যান। এ সময় গুরুতর আহত হন হেলপার। নিহত ব্যক্তি স্থানীয় বাসিন্দা এবং পেশায় ট্রাক্টরচালক বলে জানা গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই রুটে রেল চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান। রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।