মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুরে র্যালী ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার (২৬ জুন ) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজিউর রহমান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আফতাব উদ্দিন। স্বাগত বক্তৃতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন সভায় জানান, রংপুর বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৫ সালে ১০ হাজার ৮৪১ অভিযান পরিচালনা, ৩ হাজার ৩৩০ টি মামলা দায়ের ও ৩ হাজার ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে ১ হাজার ২'শ কেজি গাঁজা, ১৯ টি গাঁজার গাছ, সাড়ে ৪ হাজার ফেন্সিডিল, ২৮৪ বোতল এসকাফ, ৬৯ হাজার ৩২১ পিস ইয়াবা, ৫৭৩ গ্রাম হেরোইন, ১৫২ বোতল বিলেতি মত উদ্ধার করা হয়েছে। মাদক ব্যক্তি, পরিবার, সমাজসহ রাষ্ট্রের ক্ষতি করছে উল্লেখ করে বক্তারা একটি সুস্থ্য জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ সভায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা অংশ নেন।