কুড়িগ্রামের রাজারহাটে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীকে ৬ মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। শুক্রবার(২৬জুন) দুপুরে দণ্ডপ্রাপ্তদের কুড়িগ্রাম জেলে প্রেরন করেছে থানা পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন ও মল্লিকবেগ কুঠিপাড়া গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বকসি (৪৬) ও মজনু মিয়া (৩৫)।
পুলিশ জানান, দীর্ঘদিন ধরে তারা প্রকাশ্যে মাদক সেবন করে এলাকায় অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার(২৫জুন) রাতে রাজারহাট থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হন এবং তাদের আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মিজানুর রহমান বকসি ও মজনু মিয়াকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”