চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান তালুকদার রুনুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার নায়েগাঁও দক্ষিণ ইউনিয়নের শাহপুর গ্রামে। তিনি আজ রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৬ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আছর নামাজ শেষে বিকেল সাড়ে ৫টায় শাহপুর বাজার খানকা শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান তালুকদার রুনুর এক ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।