পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোরের লালপুরে "বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' স্লোগানকে সামনে রেখে সোমবার (২৯ জুন) দুপুরে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম সংযুক্ত) প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনা রশিদ পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা , উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো: ইলিয়াস হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, "প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়া এবং সেই গাছের পরিচর্যার দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় একটি সচেতন প্রজন্ম গড়ে উঠবে।" তারা সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।