সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ৫নং নয়ানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির আবু বকর সিদ্দিক। বুধবার (০১ জুলাই) আদিপৈতস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
বকর চেয়ারম্যান ছাত্রজীবনে ছাত্রদল, যুবদল ও উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। বিএনপি চারদলীয় জোটের আমলে তিনি ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জোট সরকারের পতনের পর তিনি ওয়ানইলেভেনের সময় অতিরিক্ত ৪ বছরসহ মোট ৯ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করেন । তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী জিয়াউল হক জিয়ার কাছ থেকে তিনি স্বর্ণপদক গ্রহণ করেন। পরবর্তীতে আওয়ামীলীগের শাসনামলে রাজনৈতিক চাপ ও হামলা-মামলা থেকে আত্মরক্ষার্থে তিনি ২০১৯ সালে বিএনপি থেকে ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতির পদ লাভ করেন। এরপর ২০২৪ সালের ৫ আগষ্ট এর আওয়ামীলীগ সরকারের পতন ও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে থাকেন। বর্তমানে তিনি শারিরিক অসুস্থ্যতা এবং একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সংবাদ সম্মেলনে রাজনীতি থেকে অব্যহতির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি নিজেকে রাজনীতিমুক্ত এবং সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকার কথা ব্যক্ত করেন। #