অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে উদ্ধারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:৪৬ পিএম
অসুস্থ বাবাকে জিম্মিদশা থেকে উদ্ধারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

ভালুকায় অসুস্থ বাবাকে চাচা ও চাচাতো ভাইদের জিম্মিদশা থেকে উদ্ধার, তাঁর চিকিৎসা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর একমাত্র মেয়ে নাজমিন আক্তার লিজা।

সোমবার (৬ জুলাই) সকালে ভালুকা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাঁর বাবা মো. নুরুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর চাচা শামছুদ্দিন, চাচাতো ভাই আপেল এবং আপেলের স্ত্রী নিপু কৌশলে তাঁর বাবার কাছ থেকে একাধিক ফিশারি ও মুরগির খামারে প্রায় এক কোটি টাকার বেশি বিনিয়োগ করান। পরে ওই বিনিয়োগের হিসাব চাইলে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে তিনি স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন বলে দাবি করেন লিজা। বাবার অসুস্থতার সুযোগ নিয়ে অভিযুক্তরা তাঁর জমিজমা, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজেদের দখলে নেয়। এ ছাড়া বিভিন্ন স্থানে বিনিয়োগ করা অর্থ এবং বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে অভিযুক্তরা বাধা দেন। গত ১৮ মার্চ ও ১৪ এপ্রিল বাবাকে দেখতে গেলে তাকে  একটি ঘরে আটকে রাখা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

বর্তমানে তাঁর বাবাকে চিকিৎসা করাতে দেওয়া হচ্ছে না এবং পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে ও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ছাড়া বাবার টিপসই নিয়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, একাধিক অভিযোগ দেওয়ার পরও ভালুকা মডেল থানার পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদালতের মাধ্যমে সার্চ ওয়ারেন্ট নেওয়ার পরও বাবাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি। গত ৫ জুলাই পুলিশ ঘটনাস্থলে গেলেও অজ্ঞাত কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থান করে কাউকে উদ্ধার না করেই ফিরে যায় বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে নাজমিন আক্তার লিজা তাঁর অসুস্থ বাবাকে দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অভিযুক্ত চাচাতো ভাই আপেল মিয়া বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নুরুল ইসলামকে আটকে রাখার কোনো প্রশ্নই আসে না। গত ১১ মাস ধরে তাঁরা তাঁর চিকিৎসা চলছে। তাঁর দাবি, এ সময়ে নাজমিন আক্তার লিজা একদিনের জন্যও বাবার খোঁজখবর নেননি।

আপনার জেলার সংবাদ পড়তে