বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান শেখ বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিকালে সাড়ে ৩টায় চিতলমারী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরহুমের বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় 'গার্ড অব অনার' প্রদান করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শেষ শ্রদ্ধায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক আবু তালেব শেখ উপস্থিত থেকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় মরহুমের কফিন জাতীয় পতাকায় আবৃত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।