আলোচিত মেঘনা টোল প্লাজা এলাকায় জাপান প্রবাসীর গাড়িতে ও বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে আনসার সদস্যদের শটগান লুট এই দুই ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পৃথক অভিযানে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং লুট হওয়া স্বর্ণালংকার, ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানান।
পুলিশ জানান, গত ৮ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকার পুলিশ বক্সের সামনে রাতের বেলা জাপান প্রবাসী এক পরিবারের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় সোনারগাঁ থানা পুলিশ তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে আটক করে। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এমামলার আরও একজন আসামি পলাতক রয়েছে। অপরদিকে গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।