এমপি জয়নুল আবদিন ফারুকের প্রচেষ্টায়

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ১১:৫১ পিএম
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন বরাদ্দের আওতায় এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপজেলার প্রায় চার লাখ মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে।

জানা গেছে, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ১৩টিকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এতে সেনবাগ উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার রোগীরাও উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। বিশেষ করে রোগীদের জেলা সদর বা রাজধানীমুখী হওয়ার প্রবণতা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানান, দীর্ঘদিন ধরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট ও রোগীর চাপ ছিল। হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ায় চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার খবরে সেনবাগবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে