গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে ডলার আত্মসাতের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন যুবক। পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেপ্তার করে। শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
ডিবি পুলিশ জানান, একটি আভিযানিক দল গত ১৬ জুলাই ভোরে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিল। এ সময় ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ডিবি সদস্যদের জানান, স্থানীয় জনতা তিনজন ভুয়া সিআইডি সদস্যকে আটক করে তার ব্যক্তিগত কার্যালয়ে রেখেছেন। খবর পেয়ে ডিবির সদস্যরা ভোর ৫টা ১৫ মিনিটে চেয়ারম্যানের কার্যালয়ে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনার তালতলী উপজেলার নাঈম (২০), রাকিবুল ইসলাম (১৮) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শেখ শাদিউল ইসলাম (২০)। তারা বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি বাওফেং ওয়াকিটকি, সাত জোড়া হ্যান্ড গ্লাভস, বাংলাদেশ পুলিশ লেখা ও লোগোযুক্ত একটি মাস্ক, সার্জিক্যাল ব্লেড ও কটনসহ একটি প্লাস্টিক বক্স, একটি স্ট্যাম্প প্যাড, সিআইডি সদস্যদের পোশাকের আদলে ব্যবহৃত দুটি সাদা ফুলহাতা শার্ট ও দুটি কালো প্যান্ট এবং একটি স্থায়ী মার্কার কলম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ঢাকায় পরিচিত এক দারোয়ান ইয়াছিনের মাধ্যমে তারা গাইবান্ধার ফরিদপুর ইউনিয়নের কথিত ডলার ব্যবসায়ী মো. কাদের ওরফে সুকটুর সঙ্গে পরিচিত হন। প্রথমে তাদের হাতে ১৬টি ডলার দিয়ে ঢাকায় ভাঙিয়ে দেখতে বলা হয়। ডলারগুলো আসল হওয়ায় তারা পরিকল্পনা করেন সিআইডি সদস্য সেজে বিপুল পরিমাণ ডলার আত্মসাৎ করবেন। পরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই রাত ১টার দিকে তারা সুকটুর বাড়িতে গিয়ে ডলার কেনার কথা বলে একটি ব্যাগভর্তি ডলার নেন। পরে ওয়াকিটকি বের করে নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে ডলার নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে তাদের আচরণে সন্দেহ হলে প্রতারক চক্রের সদস্য ও স্থানীয় লোকজন তাদের আটক করে ডলারের ব্যাগ উদ্ধার করেন এবং পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে রাখেন। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং জব্দকৃত আলামত উদ্ধার করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন,' এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৭ জুলাই দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।'