নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা আনতে গিয়ে খুন হলেন আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রি। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পিতা আব্দুল হাই ফকির। নিহতের বড় aভাই আমিনুর ফকির জানান, গত রমজানে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখ কে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলো আলিনুর। দীর্ঘদিন পার হলেও রাজিব ওই টাকা না দিয়ে ঘুরাচ্ছিলো। শনিবার রাতে টাকা দেবার কথা বলে আলিনুরকে ডেকে নেয় রাজিব ও তার লোকজন। টাকা আনতে রাত ১০টার দিকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে( রাজিবের বাড়ির পাশে) গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাজিব ও তার লোকজন আলিনুর ও তার ভাই আমিনুরের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা আলিনুরকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ওসি(তদন্ত) অজিৎ কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।