আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাস

স্পেন সমর্থনে জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৬:১৫ পিএম
স্পেন সমর্থনে জালাল উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল

২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উপলক্ষে রাজধানী ঢাকায় স্পেনের সমর্থনে বর্ণাঢ্য  পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে বাংলাদেশে নিযুক্ত স্পেনের সাবেক অনারারি কনস্যুলার, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতি সমর্থন জানাতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা স্পেন জাতীয় দলের জার্সি পরিধান করেন। তাঁরা ঢাকার গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রিয় দলের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্পেনের জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পুরো পরিবেশ।

মিছিলে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস। এছাড়াও মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। দলীয় রাজনৈতিক পরিচয়ের বাইরে খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে স্পেনের প্রতি সমর্থন জানাতে তারা এই আনন্দ মিছিলের আয়োজন করেছেন। মিছিল শেষে ড. জালাল উদ্দিন স্পেন দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, বিশ্বকাপ ফুটবল কোটি মানুষের আবেগের জায়গা। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচের প্রত্যাশা করছি। খেলাধুলা মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আয়োজিত এই মিছিল ঢাকায় উপস্থিত ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বিভিন্ন স্থান থেকে আগত সমর্থকেরাও এতে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে