কলাপাড়ায় প্রতিপক্ষের হামলা-মারধরে বৃদ্ধের মৃত্যু

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) :
| আপডেট: ২০ জুলাই, ২০২৬, ০৬:৪১ পিএম | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৬:৪১ পিএম
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলা-মারধরে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের নারকীয় হামলায় গুরুতর আহত কৃষক হারিচ আহম্মেদ (৬৫) নিহত হয়েছেন। উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের এই কৃষক রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মারা গেছেন। এর আগে সকাল ১০টার দিকে তাকে মারধর করা হয়। কুপিয়ে জখম করা হয়। এমনকি কাদাপানির মধ্যে চুবানো হয়। কিল-ঘুষি ও পায়ের আঘাতে গুরুতর জখম করা হয়। কাদাপানিতে ফেলে পা দিয়ে গলা চেপে রাখা হয়। এমনকি কলাপাড়া হাসপাতালে চিকিৎসা যেন না নিতে পারে এজন্য বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয় চৌকিদার ও মেম্বারের সহায়তা কলাপাড়া হাসপাতালে নেয়া হয়, সেখানেও নিরাপত্তজনিত অভাবে চিকিৎসা নিতে পারেনি। নিহতের ছেলে সাইফুল্লাহ বাবুল তার বৃদ্ধ বাবার ওপর এমন নৃশংস হামলার কথা বলে কান্না জুড়ে দেন। এক পর্যায়ে শঙ্কটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে অবস্থার অবনতি ঘটলে পথিমধ্যে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। একই গ্রামের খলিল গংদের নেতৃত্বে ২০-২২ জন এই হামলা মারধরের ঘটনা ঘটনায় বলেও নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমতলী থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মহিপুর থানা পুলিশ এ খবর নিশ্চিত করেন। জমিজমাসহ পূর্ব শত্রুতার বিরোধ ধরে এই নৃশংস হামলা ও মারধরের ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক ধারনা।

মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, তিনি ঘটনাস্থলে গেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি। এ ঘটনায় নয়াকাটা গ্রামজুড়ে নানা কথাবার্তা শোনা যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে