গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বিদেশী রাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো দল দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারবেনা। পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।
আজ সোমবার পিরোজপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বিকেল ৬টায় পিরোজপুর জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন ২৪ এর অভ্যুত্থানের সময় রাজপথে স্লোগান দিয়েছিলাম তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। সেই বিকল্প রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি।
এনসিপি পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে পথসভায় সংসদে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, গত পাঁচ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি। মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি। তিনি বলেন, আগে এস আলম ব্যাংক ও দেশের সমপদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। বলেন জনগণের সমপদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময়ে সমাবেশে আরো বক্তব্য দেন, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান, ড. শামীম হামিদী প্রমুখ। এ সময় হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী ঘোষণা করেন।