লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম

সিলেটে দুই বেসরকারি হাসপাতালকে জরিমানা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৭:০৪ পিএম
সিলেটে দুই বেসরকারি হাসপাতালকে জরিমানা

লাইসেন্স নবায়ন ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেট নগরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া একটি হাসপাতালের ভেতরে ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়াই পরিচালিত একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

অভিযানে নগরের সেন্ট্রাল হাসপাতাল ও সুরমা ভ্যালি হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে প্রচলিত আইনে প্রতিটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। এদিকে সুরমা ভ্যালি হাসপাতালের ভেতরে পরিচালিত একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ফার্মেসিটির কোনো বৈধ ড্রাগ লাইসেন্স ছিল না। এছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ করা হয়নি এবং দায়িত্বরত কোনো নিবন্ধিত ফার্মাসিস্টও উপস্থিত ছিলেন না। এসব অনিয়মের দায়ে ওষুধ ও কসমেটিক্স আইনে ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার হাসপাতালগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন এবং ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

আপনার জেলার সংবাদ পড়তে