নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও নজরদারি জোরদারের ফলে মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে। স্থানীয়দের দাবি, নিয়মিত টহল, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং বিভিন্ন স্থানে অভিযানের কারণে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে মাদক সেবনের ঘটনাও আগের তুলনায় কমে এসেছে বলে অনেক বাসিন্দা মনে করছেন।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, রেলওয়ে এলাকা, টার্মিনাল ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় অপরাধপ্রবণ ব্যক্তিদের চলাচল সীমিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে বলেও তারা জানান।
ব্যবসায়ী ও অভিভাবকদের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে তারা মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জনগণের সহযোগিতা পেলে মাদকমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা আরও কার্যকর হবে । তিনি বলেন,মাদক সেবনকারী,ওয়ারেন্ট আসামী,ব্যবসায়িদের গ্রেফতার করে আদালতে প্ররণ করা হচ্ছে। সচেতন মহলের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে সৈয়দপুরে মাদক নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ফল আসবে এবং তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।