শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। পুলিশ জানায়, মৃত নার্স মাদকাসক্ত ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) খবর পেয়ে শরণখোলা থানার পুলিশ উপজেলা সদর রায়েন্দার গ্রামীণ জেনারেল হাসপাতালের বাথরুমের দরজা ভেঙে ভেতরে নার্স হাসিনা খানম রিক্তার মরদেহ উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস তাঁকে মৃত ঘোষণা করেন। রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলিম আল রেজা মুক্তি জানান, নার্স হাসিনা খানম রিক্তা প্রাকৃতিক কাজে বাথরুমে যান। দীর্ঘ সময় বের না হওয়ায় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে শরণখোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি আরও জানান, মৃত নার্সের বাড়ি নড়াইল জেলায় এবং তাঁর পিতার নাম রফিক শেখ। স্বামীর ভাষ্যমতে, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার পাশাপাশি মাদকাসক্ত ছিলেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহের পাশে মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে বৃহস্পতিবার মরদেহ বাগেরহাট মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।