কলারোয়ায় শিক্ষার্থীদের রোমাঞ্চকর সংসদীয় বিতর্ক

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৫ পিএম | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৫ পিএম
কলারোয়ায় শিক্ষার্থীদের রোমাঞ্চকর সংসদীয় বিতর্ক

একপাশে সরকারের উন্নয়ন বার্তা আর গঠনমূলক প্রস্তাব, অন্যপাশে যুক্তির বাণে তার নিখুঁত ব্যবচ্ছেদ-ঠিক যেমনটি দেখা যায় জাতীয় সংসদে। তবে কোনো পোড় খাওয়া রাজনীতিবিদের মঞ্চ নয় এটি, খুদে শিক্ষার্থীদের সংসদীয় বিতর্ক! বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হলো প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক চর্চায় এই অনন্য সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। খুদে শিক্ষার্থীদের চমৎকার বাকপটুতা ও যুক্তির শাণিত লড়াই বিমুগ্ধ করেছে উপস্থিত অতিথি ও দর্শকদের।

প্রতিযোগিতায় তিনটি করে আসন নিয়ে একে অপরের মুখোমুখি হয় ‘সরকারি দল’ ও ‘বিরোধী দল’। নির্ধারিত বিষয়ে সরকারি দলের স্পিকার সংসদ পরিচালনা করেন এবং একে একে দুই দলের মোট ছয়জন খুদে তাত্ত্বিক সদস্য তাঁদের জোরালো যুক্তি তুলে ধরেন। শৈশবেই এমন প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক নিয়মকানুন ও সংসদীয় শিষ্টাচার চর্চার চমৎকার দৃষ্টান্ত দেখা গেল এই আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম*। তিনি শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন ও কথা বলার দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করে বলেন, ভবিষ্যতের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শৈশব থেকেই এমন গণতান্ত্রিক চর্চা ও যুক্তিভিত্তিক চিন্তাধারার কোনো বিকল্প নেই। কলারোয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। আয়োজনটির সামগ্রিক সমন্বয় ও বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেন-কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা খুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধে বলীয়ান করতে বড় ভূমিকা রাখবে। সফল এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনেও ধারাবাহিক বিতর্ক প্রতিযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে