রাজশাহীতে নিরাপত্তায় বসানো হচ্ছে ১৫৫টি সিসি ক্যামেরা

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ১১:১৮ পিএম
রাজশাহীতে নিরাপত্তায় বসানো হচ্ছে ১৫৫টি সিসি ক্যামেরা

রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, যানবাহন চলাচল পর্যবেক্ষণ এবং ডিজিটালি সিকিউরিটি সিটি গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে অত্যাধুনিক সিসি ক্যামেরা আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এ কারণে জনগণের চাহিদার ভিত্তিতে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এমন অত্যাধুনিক সিসি ক্যামেরা প্রদান করা হলো। এই মহানগরীকে নিরাপদে এবং শান্তিতে রাখার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরএমপি’কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসক রিটন।

অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে রাজশাহী সিটি কর্পোরেশন প্রদত্ত অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো প্রেভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিং-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। নতুন করে নগরীর ১৫৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আরও নিরাপদ ও যানজটমুক্ত নগরী গড়ার ক্ষেত্রে রাজশাহী নগরী আরও এক ধাপ এগিয়ে যাবে। সিসি ক্যামেরাগুলো প্রদান করায় রাাসিক প্রশাসকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আরএমপি কমিশনার। 

অনুষ্ঠানে রাসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ এবং আরএমপির পক্ষে উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমপির মুখপাত্র (মিডিয়া) উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে