চাঁদপুরে মিছিল এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আরাফাত সানিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রের তথ্যমতে, শহরের ওয়ারলেস বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ২৬ জুলাই রাতে আরাফাত সানি এবং তার দুই সহযোগী রায়হান সায়েম ও দেলোয়ার রাব্বিকে আটক করা হয়। অভিযানকালে ওই বাসাস্থল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী দীপু মনির ছবি সংবলিত ব্যানার উদ্ধার করা হয়। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, বড় স্টেশন ও বাগাদি এলাকায় মিছিলের প্রস্তুতি এবং নাশকতার চেষ্টার ঘটনায় পূর্বে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।