রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।
এসময় মো. জহুরুল ইসলাম (২৮), মো. কামরুল ইসলাম (২৫) এবং মো. মানিক মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে জহুরুল ইসলাম ও কামরুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা। অপর আসামি মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল তালন্দ বাজার ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হলে কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে জহুরুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি পৃথক প্যাকেটে রাখা মোট দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এনিয়ে ডিবির এসআই মেহেদী হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করেছে। আসামিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। রা/অ