খাল পুনঃখনন শেষে

উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিল উপজেলা প্রশাসন

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০২:০০ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০২:০০ পিএম
উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিল উপজেলা প্রশাসন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় কৃষি খাতে উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বাস্তবায়িত প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প 'দবরদস্তা মলঙ্গি খাল' পুনঃখনন কাজ শেষে অব্যয়িত ৫১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার ১১ নম্বর রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা মলঙ্গি খালের ১০ কিলোমিটার পুনঃখননের জন্য ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর ৫১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা উদ্বৃত্ত থাকে, যা সরকারি বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে খালসংলগ্ন শত শত হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বলেন, “প্রাক্কলন অনুযায়ী নির্ধারিত নকশা অনুসরণ করে কাজ সম্পন্ন করা হয়েছে। বর্ষাকালে খালে অতিরিক্ত পানি থাকায় মূলত ভেকু দিয়ে খননকাজ করা হয়েছে এবং সীমিত পরিসরে শ্রমিক দিয়ে পাড় সমান করা হয়েছে। এতে শ্রমিকের প্রয়োজন কম হওয়ায় সরকারি অর্থ সাশ্রয় হয়েছে। এছাড়া নিবিড় তদারকির কারণেও ব্যয় কমানো সম্ভব হয়েছে। সরকারি অর্থ জনগণের আমানত, তাই উদ্বৃত্ত অর্থ নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”

আপনার জেলার সংবাদ পড়তে