ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি তিনতলা ভবন থেকে রড নিচে নামানোর সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা (সেফটি) নিশ্চিত না করা এবং ভবন নির্মাণে নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতন মিয়ার ছেলে জিসান (১৮) এবং ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)। ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কয়েকটি রড নিচে নামানোর প্রয়োজন হয়। এ সময় শ্রমিকদের রড নামিয়ে আনতে বলা হলে তারা সিঁড়ি ব্যবহার না করে ভবনের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। একপর্যায়ে লম্বা রডটি ভবনের পাশ দিয়ে চলে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে আনার সময় দুই শ্রমিকের অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। ভবন মালিক আতাউর রহমান জানান, তিনতলা ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুইজন শ্রমীক নিচে পরে যায়। তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।