রাজনীতিতে মানুষের আস্থা অর্জন সহজ নয়। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড,ব্যক্তিগত সততা, শৃঙ্খলাবোধ এবং জনকল্যাণে নিবেদিত থাকার মধ্য দিয়েই একজন জনপ্রতিনিধি মানুষের হৃদয়ে স্থান করে নেন।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমকে ঘিরে স্থানীয়ভাবে এমন মূল্যায়নই বেশি শোনা যায়।
তুলনামূলক কম বয়সেই মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি এলাকায় আলোচনায় আসেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন সৎ, বিনয়ী ও চরিত্রবান মানুষ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। জনসাধারণের সঙ্গে নিয়মিত যোগাযোগ,বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন।
সংসদ সদস্য হওয়ার পর থেকে শিক্ষা, ক্রীড়া, সামাজিক সচেতনতা এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ, খেলাধুলার প্রসারে সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে তিনি জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন।
স্থানীয় রাজনীতিবিদদের মতে, জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি একজন জনপ্রতিনিধির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। এসব দিক ধরে রাখতে পারলে ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তারা মনে করেন। সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতির ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাদের বিশ্বাস,জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে এলাকার সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
রাজনীতিতে সততা,জবাবদিহি এবং জনসেবার সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা সব সময়ই থাকে। সেই প্রত্যাশা পূরণে একজন জনপ্রতিনিধির প্রতিটি পদক্ষেপ জনগণের কাছে গুরুত্বপূর্ণ। নীলফামারী-৪ আসনের মানুষের প্রত্যাশা তাদের নির্বাচিত প্রতিনিধি উন্নয়ন,সুশাসন ও জনকল্যাণের পথে তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন।
উল্লেখ, জামায়াতে ইসলামী বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি পেশায় একজন শিক্ষক। তিনিই প্রথম এ আসনে বিপুল ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার মধ্যে কোন অহংকার নেই। একদম তিনি একজন খাটি মাঠির মানুষ। এমন মন্তব্য করলেন সৈয়দপুর উপজেলার ব্যবসায়িসহ সাধারণ জনগন।