সৈয়দপুরে গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৩:৩৭ পিএম
সৈয়দপুরে গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের মাঝে সরকারি পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা আনুষ্ঠানিকভাবে এসব পোশাক বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণকে তাঁদের দায়িত্ব পালনে উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে অভিহিত করা হয়। এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ, সৈয়দপুর উপজেলা শাখার পক্ষ থেকে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গ্রাম পুলিশ সদস্যরা তাঁদের কল্যাণে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশ স্থানীয় প্রশাসনের অন্যতম সহায়ক শক্তি। তাঁদের প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সরকারের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পোশাক বিতরণ শেষে গ্রাম পুলিশ সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে