চাঁদপুরে ছাত্রশিবিরের ‘বিজয়ের দৌড়’ ও আলোচনা সভা অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম
চাঁদপুরে  ছাত্রশিবিরের ‘বিজয়ের দৌড়’ ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ৩ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। কলেজ শিবিরসহ বিভিন্ন শাখার প্রায় ৫০০ প্রতিযোগী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিযোগিতাসমূহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

​দৌড় প্রতিযোগিতা শুরুর পূর্বে চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের হলরুমে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শিবির সভাপতি আজমীর হোসেনের সভাপতিত্বে এবং শহর শিবিরের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, "অনেক প্রাণের বিনিময়ে, ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় ‘কোটা না মেধা’, ‘আজাদি না গোলামি’ এবং ‘দিল্লি না ঢাকা’-এ ধরনের স্লোগান উচ্চারিত হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মেধার মূল্যায়নের পরিবর্তে পুনরায় নিজস্ব কোটায় লোকজনকে পদায়ন করছে। যে জাতি মেধার কদর করে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না।"

​তিনি আরও বলেন, "৪ আগস্ট সারাদেশে আমরা যে অস্থিতিশীল পরিস্থিতি দেখেছি, তা সম্পূর্ণ পরিকল্পিত; উদ্দেশ্য ছিল মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা। দেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় যারা মেনে নিতে পারছে না, তারাই এসব অপকর্মের সাথে জড়িত।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

​অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ‘বিজয়ের দৌড়’-এ বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে