যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিনটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শ্রদ্ধা নিবেদন: ৫ আগস্টের প্রথম প্রহরে চাঁদপুরের জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা বিএনপি (নেতৃত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম), পৌরসভা, সরকারি গণগ্রন্থাগার, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তি এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।সংবর্ধনা ও দোয়া: চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সকল মসজিদ, উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। চাঁদপুর সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড়, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হাইমচর নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় এবং পুরানবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।