সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমাতে জুলাই মাসজুড়ে রেকর্ড অভিযান চালিয়েছে চাঁদপুর ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক মাসে ১ হাজার ২৮৫টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ১ হাজার ২৮৫টি মামলার মধ্যে ইতোমধ্যে ৯৬১টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অভিযানে অবৈধ ও নিয়ম অমান্যকারী ২১১টি যানবাহন জব্দ করা হয়েছে। এর আগে জব্দকৃত আরও ১০৯টি যানবাহন বর্তমানে ট্রাফিক পুলিশের হেফাজতে রয়েছে।
সবচেয়ে বেশি মামলা মোটরসাইকেলের বিরুদ্ধে
পরিসংখ্যানে দেখা গেছে, অভিযানে সবচেয়ে বেশি ৭১২টি মামলা হয়েছে শুধু মোটরসাইকেলের বিরুদ্ধে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান-রিকশা, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কী কী অপরাধে মামলা?
মূলত নিচের অনিয়মগুলোর বিরুদ্ধে এই কঠোর অভিযান চালানো হয়:ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো,হেলমেট ব্যবহার না করা,গাড়ির ফিটনেস ও রেজিস্ট্রেশনের অনিয়মঅতিরিক্ত গতি,অবৈধ পার্কিং।
চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) প্রবীর কুমার দাশ জানান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় প্রতিদিন চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, "আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানো। জরিমানা আদায় নয়, মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।"