রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ, হামলায় আহত যুবক

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:১৮ পিএম
রায়গঞ্জে জমি নিয়ে বিরোধ, হামলায় আহত যুবক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় শিহাব উদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাহার মা শেফালী বেগম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই সকাল প্রায় ৯ টার দিকে বাড়ির পাশের ৪২ শতক জমিতে হালচাষ করতে যান শিহাব উদ্দিন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ছুরি, লোহার রড, রামদা ও কাঠের বাটাম নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এজাহারে আরও বলা হয়েছে, শিহাবের চিৎকার শুনে তাঁর স্ত্রী পাপীয়া পারভীনসহ স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁর স্ত্রীকেও মারধর করেন। এ সময় তাঁর গলায় থাকা প্রায় ১০ আনি ওজনের ২২ ক্যারেট স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে শ্লীলতাহানিরও অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় শেফালী বেগম রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় চর তেলিজানা গ্রামের মৃত ধানু আকন্দের ছেলে মো. ওসমান গনি, এসএম মমতাজ হোসেন, মো. চাঁন মোহাম্মদ, মো. রিয়াদ হোসেন, মো. রাব্বি ও মো. সবুজসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। মামলাটি রায়গঞ্জ থানার মামলা নম্বরু ০১ (তারিখ: ২ আগস্ট ২০২৬), জিআর নম্বর ু১০৫ হিসেবে নথিভুক্ত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামু বলেন, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে মামলার অন্যতম আসামি ও সাবেক ইউপি সদস্য এসএম মমতাজ হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। তিনি বলেন, তাঁদের পক্ষ থেকেও শিহাব উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে