চাঁদপুরের মতলবে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবিতে তিনটি সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় ‘নিরাপদ সড়ক আন্দোলন’ ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে মতলব শহরের পানির ট্যাংকি এলাকায় অবস্থান নিয়ে মতলব এক্সপ্রেস, জৈনপুরী পরিবহন ও জৈনপুরী এক্সপ্রেসের বাসগুলো আটকে দেয় তারা। বুধবার বিকেলে মতলব-বাবুরহাট-গৌরীপুর পেন্নাই সড়কের রালদিয়া এলাকায় ‘জৈনপুরী পরিবহন’-এর একটি বেপরোয়া বাস সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে এক সিএনজি যাত্রী নিহত এবং চালকসহ অপর তিনজন গুরুতর আহত হন।আন্দোলনকারীদের অভিযোগ: ফিটনেস ও লাইসেন্সবিহীন এসব বাস এবং অদক্ষ চালকরা মতলববাসীর জন্য 'মৃত্যুফাঁদ' হয়ে দাঁড়িয়েছে।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয়দের অভিযোগ, তিন মাস আগে প্রশাসন আশ্বাস দিলেও এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সড়কে আর কোনো তাজা প্রাণ ঝরতে না দেওয়ার প্রত্যয়ে তারা দ্রুত এসব বাসের কাগজপত্র যাচাইসহ কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, আন্দোলনকারী ছাত্র-জনতা, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ এবং গাড়ির মালিক ও চালকদের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।