আলগী বাজার সড়ক উদ্বোধন করলেন এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০২:১৬ পিএম
আলগী বাজার সড়ক উদ্বোধন করলেন এমপি মানিক

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রতিটি এলাকায় দৃশ্যমান উন্নয়ন পৌঁছে দিতে বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে হাইমচর উপজেলার আলগী বাজার এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন, পরিদর্শন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও পরিদর্শন

সকালে হাইমচর উপজেলা হেড কোয়ার্টার রামপুর বাজার সড়ক থেকে সদর আলগী বাজারের হালিম চত্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি আরসিসি (জঈঈ) দ্বারা উন্নয়নের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ২৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি বাস্তবায়ন করে হাইমচর উপজেলা পরিষদ।

উদ্বোধন শেষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আলগী বাজারের বিভিন্ন রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক উন্নয়ন হওয়ায় এলাকার সাধারণ মানুষ চরম সন্তোষ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা ও এমপি'র প্রতি কৃতজ্ঞতা জানান।

দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও জনদুর্ভোগ নিরসনে আশ্বাস

উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি এলাকার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন। মতবিনিময় ও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে