মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামে ‘টিম পজেটিভ’-এর উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে একটি র্যালি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, প্রশাসন ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিমেল উদ্দিন মোল্লা শিমুল, ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সমাজসেবক শাহিনুর রহমান মাস্টার, তরুণ সংগঠক নোমান মোল্লা, তানভীর মোল্লা, মাহিন মোল্লা, মাহিন মিয়াজী, হানিফ মৃধা ও আরিফ হোসেন।
বক্তারা আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণদের সচেতন করতে হবে। কোথাও মাদক কেনাবেচা বা সরবরাহের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবহিত করার আহ্বান জানান তারা।