চাঁদপুরে নিখোঁজ হওয়া ১২ বছরের স্কুলশিক্ষার্থী মো. রিজভী দেওয়ানকে পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম থেকে ট্রেনে চাঁদপুরে নিজ বাড়িতে ফিরে আসে সে।
রিজভীর মামা মো. মিজান জানান, শনিবার (২৯ আগস্ট) দুপুরে সমবয়সী এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় রিজভী। পরে তারা পার্শ্ববর্তী রেলস্টেশনে যায়। সেখানে একটি ট্রেনে উঠে বসার পর ট্রেনটি ছেড়ে দিলে তারা চট্টগ্রামে চলে যায়।
তিনি আরও জানান, চট্টগ্রামে যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে তারা সেখান থেকে রোববার দুপুরে বিরতী ট্রেনে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে চাঁদপুরে এসে বাড়িতে পৌঁছায় রিজভী ও তার বন্ধু। এর আগে শনিবার দুপুরের পর রিজভী বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। পরে রোববার তার বাবা কামাল হোসেন দেওয়ান চাঁদপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৮৩৫, তারিখ ৩০ আগস্ট ২০২৬। রিজভী দেওয়ান চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার আহম্মদ দেওয়ান বাড়ির কামাল হোসেন দেওয়ানের ছেলে। এদিকে রিজভীকে খুঁজে পাওয়ায় এবং বাড়িতে ফিরে আসায় তার পরিবারে স্বস্তি ফিরেছে। রিজভীকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রশাসন এবং গণমাধ্যমসহ যারা নানাভাবে সহযোগিতা করেছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার পরিবার।